বর্তমানে রাজধানীবাসীর যানজটমুক্ত ও সময় বাঁচানোর অন্যতম বাহন মেট্রোরেল। তবে আধুনিক এই পরবিহন সেবার টিকিট কাটার মেশিনের যান্ত্রিক ত্রুটি, কখনও টাকার ভাংতি না থাকা আবার কখনও যাত্রীদের ছেঁড়াফাটা টাকার জন্য
বিপাকে পড়তে হয় মেট্রোরেল কর্তৃপক্ষকে।
খোঁজ নিয়ে জানা যায়, মেট্রোরেলের টিকিট কাটার জন্য যে মেশিন আছে, সেখানে অনেক যাত্রী ছেঁড়াফাটা টাকা দিয়ে টিকিট কাটার চেষ্টা করেন। ফলে মাঝেমধ্যে মেশিন তার কার্যক্রম চালাতে সমস্যা পড়ে। আর সেই ছেঁড়া টাকা যদি অন্য কোনো যাত্রী পায় তবে মেট্রোরেল কর্তৃপক্ষকে ঝামেলায় পড়তে হয়।
সরেজমিন মেট্রোরেলের মতিঝিল থেকে উওরা পর্যন্ত বেশ কয়েকটি স্টেশনে দেখা যায়, টিকিট কাটার দীর্ঘ লাইন। যাত্রীরা ভাংতি টাকা না থাকায় এক লাইন থেকে অন্য লাইনে গিয়ে ছুটোছুটি করছে। তবে টিকিট কাটার মেশিনের সামনে বেশিরভাগ স্টেশনে মেট্রোরেলের কর্তৃপক্ষের নির্ধারিত লোকের সঙ্কট দেখা যায়। আর কিছু কিছু জায়গায় ছেঁড়াফাটা টাকা নিয়ে যাত্রীদের মাঝে বাকবিতণ্ডা করতে দেখা যায়।
মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে মো. আসাদ নামের যাত্রী দেশ রূপান্তরকে বলেন, মাঝেমধ্যে মেট্রোরেলে যাওয়া হয় মতিঝিলে। অনেকেই দেখি ছেঁড়াফাটা টাকা দিয়ে স্টেশনে এসে টিকিট কাটাতে চায়। যার জন্য মেশিনেও অনেক সময় নিতে চায় না সেই টাকা। আবার নিলেও সেই টাকা আবার অন্য যাত্রীদের ফেরত দেয়। এগুলো নিয়ে খুব সমস্যায় পড়তে দেখি মাঝেমধ্যে।
সচিবালয় স্টেশনে টিকিট কাটা আরেক যাত্রী মো. রাকিব হাসান বলেন, টিকিট কাটার যে মেশিন আছে সেখানে মাঝেমধ্যেই সমস্যা লেগে থাকে। কিন্তু মেট্রোরেলের পক্ষ থেকে সেভাবে কোনো লোক এই মেশিনের সামনে থাকতে দেখা যায় না। যার ফলে অনেক যাত্রীরা তাদের ছেঁড়াফাটা টাকা দিয়ে টিকিট কাটে। মেট্রোরেল কর্তৃপক্ষকে এই বিষয়গুলোর দিকে আরও কঠোর মনিটারিং করা দরকার বলে জানান এই যাত্রী।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা চেষ্টা করি মেট্রোরেলের যাত্রীদের সব রকম সেবা দিতে। কিন্তু কিছু যাত্রীর জন্য মাঝেমধ্যেই আমাদের সমস্যায় পড়তে হয়। অনেক যাত্রী আছে যে টাকা গুলো তারা বাইরে চালাতে পারে না, সে সব ছেঁড়াফাটা টাকা দিয়ে তারা টিকিট কাটতে চায়। মেট্রোরেল কর্তৃপক্ষ থেকে বার বার নির্দেশনা দেওয়া আছে ছেঁড়াফাটা টাকা দিয়ে টিকিট কাটতে মানা। তারপরও অনেকেই এই ছেঁড়াফাটা টাকা দিয়ে টিকিট কাটে। তাই মেট্রোলের যাত্রীদেরও উচিত আমাদের নির্দেশনা গুলো ভালো করে মানা। ছেঁড়াফাটা টাকা দিয়ে টিকিট না কাটার অনুরোধ করেন তিনি।