ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার নিউইয়র্ক সিটিতে যুদ্ধবিরতি সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
কাতারে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের মধ্যে চলমান যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির মধ্যেই এই আশার বাণী শোনালেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে তথ্য পেয়েছি, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছিই আছি তবে এখনও কিছু কাজ বাকি। তবে আমি আশাবাদী যে আগামী সোমবারের মধ্যেই সেটি কার্যকর হতে পারে’।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন যে, "মিশর, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় গত কয়েক দিনে বেশ অগ্রগতি হয়েছে”।
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। খুব দ্রুতই ঐক্যমতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে উভয়পক্ষের। এই ইস্যুতে এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করেছে মিসর, কাতার, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হামাসের প্রতিনিধিরা।
তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। সোমবারও রাফায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার ফলে ১২০০ জন নিহত হয়। এরপর থেকেই গাজায় নির্বিচারে হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। প্রায় পাঁচমাস ধরে চলা এ হামলায় এখন পর্যন্ত ২৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় ৭০ হাজার।
হঠাৎ ফিলিস্তিন প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা