পাওলো দিবালা আর্জেন্টিনার হয়ে ৩৮ ম্যাচ খেলে করেছেন তিনটি গোল। তবে ক্লাব ক্যারিয়ারে বরাবরই উজ্জ্বল তিনি। সোমবার রাতে দিবালার হ্যাটট্রিকে ইতালিয়ান লিগে রোমা ৩-২ এ হারিয়েছে তুরিনোকে। ক্লাব ক্যারিয়ারে এটি দিবালার ষষ্ঠ হ্যাটট্রিক। ২০১৮'র অক্টোবরের পর এই প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ বছর পর হ্যাটট্রিক করলেন দিবালা।
রোমার হয়ে এই প্রথম হ্যাটট্রিক করলেন দিবালা। ইতালিয়ান ক্লাবটিতে তিনি যোগ দেন ২০২২ এর জুলাইতে। ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন দিবালা। ৫৭ মিনিটে দ্বিতীয় ও ৬৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।
তুরিনোর হয়ে ৪৪ মিনিটে দুভান জাপাতা একটি গোল শোধ দেন। ৮৮ মিনিটে দেয়ান হুইজেসেনের আত্মঘাতী গোলে স্কোর ৩-২ হয়।
ম্যাচের পর দিবালা বলেন, 'আমি বেশ কিছু দিন ধরেই হ্যাটট্রিক করতে মুখিয়ে ছিলাম। আমি ক্যালিয়ারির বিপক্ষেই এটি করতে চেয়ে ছিলাম। অবশেষে এটি এলো এবং দলও জয় পেলো। তুরিনো বিপদজনক আক্রমণ করছিল, ম্যাচের মোড় অন্যদিকেও জেতে পারতো। আমি সমর্থকদের নিয়ে এই জয় উদযাপন করতে চাই, তাদেরকে আলিঙ্গন ও ধন্যবাদ।'
মৌসুমে রোমার হয়ে শিরোপা জিততে চান আর্জেন্টাইন এই তারকা। রোমা ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছে। ফলে ইউরোপাতে রোমার শিরোপা জেতার সম্ভাবনা এখনও আছে।
ইতালিয়ান লিগে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্টে ষষ্ঠ স্থানে আছে রোমা।
এর আগে দিবালা সবশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০১৮'র অক্টোবর মাসে। চ্যাম্পিয়নস লিগে জুভেন্তাসের হয়ে ইয়ং বয়েজের বিপক্ষে।
চলতি মৌসুমে সিরি আ'তে ১৮ ম্যাচে ১৭ গোল হলো দিবালার।