সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ এএম

সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট নিরসনসহ তিন দফা দাবিতে সিলেটে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার রাতে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে সিলেটের পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন।

সিলেট থেকে কোনো যাত্রীবাহী যানবাহন ছেড়ে যাবে না এবং সিলেটে যাত্রীবাহী যানবাহন প্রবেশও করবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে পুরো সিলেট বিভাগে ধর্মঘট ডাকা হবে।  

পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে মাসের ২০ থেকে ২২ তারিখের পর গ্যাসের লিমিট শেষ হওয়ার কথা বলে বন্ধ রাখা হয়। ফলে পরিবহন শ্রমিকেরা বিপাকে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।  

পরিবহন শ্রমিকদের দাবিগুলো হলো— সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা; রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি দেওয়া এবং ২০২১ সালে নগরীর চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার করা।

এর আগে সিলেট জেলায় সিএনজি চালিত সকল যানবাহনে গ্যাস লোডিংয়ের সংকট ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গত রবিবার বেলা দুইটায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সিলেটে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সহ—সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া মবুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সিলেট জেলা বাস—মিনিবাস, কোচ, মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা ইমা, লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনছান আলী, সিলেট জেলা সিএনজি আটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি আটোরিক্সা শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন থেকে সিলেটের মানুষ গ্যাসে সংকটের কারণে দুর্ভোগে রয়েছেন। বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। বিগত কয়েক বছর থেকে গ্যাসের সংকট সমাধানের লক্ষে মন্ত্রী, এমপিসহ সিলেটের প্রশাসনের কাছে দাবি জানিয়ে কোন ফল পাওয়া যাচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত