খাদ্যপণ্যের পাশাপাশি যন্ত্রাংশ ও অস্ত্র তৈরির কাঁচামালের বিনিময়ে রাশিয়াকে সাড়ে ছয় হাজারের বেশি কনটেইনারে লাখ লাখ অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া। এমনটাই অভিযোগ করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।
গত বছরের সেপ্টেম্বর থেকে এসব অস্ত্র রাশিয়ায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারা। খবর আল জাজিরা।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন ওয়ানসিক সাংবাদিকদের জানান যে, উত্তর কোরিয়ার পাঠানো এসব অস্ত্রের মধ্যে ৩০ লাখের বেশি কামানের গোলা ও ৫ লাখ রাউন্ড গুলি রয়েছে।
তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।
তিনি বলেন, ‘কাঁচামাল এবং বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার শত শত অস্ত্র কারখানা তাদের সক্ষমতার প্রায় ৩০ শতাংশে চলছে, কিন্তু যারা রাশিয়ার জন্য আর্টিলারি শেল তৈরি করছে তারা পুরোদমে কাজ করছে’।
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ‘অস্ত্রের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে খাদ্য, কাঁচামাল এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করেছে’।
তিনি আরও জানান, অস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়া কয়েক হাজার কনটেইনার পণ্য পেয়েছে। যার বেশির ভাগই খাবার। যা সেখানকার খাবারের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ জোরদার হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটন দেশদুটির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে অস্ত্র ব্যবসার অভিযোগ এনেছে। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া।
পেট্রল রপ্তানিতে ৬ মাসের নিষেধাজ্ঞা দিল রাশিয়া
মালিতে সেতু থেকে নদীতে বাস পড়ে ৩১ যাত্রী নিহত