নিজের মর্জিতে রঞ্জি ট্রফির ম্যাচ না খেলার খেসারত হারে হারে টের পাচ্ছেন ভারতীয় ক্রিকেটার ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষিত ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দুজনই। অথচ চুক্তিতে ঠিকই আছেন ইনজুরি সেড়ে মাঠে আসার অপেক্ষায় থাকা রিশাব পান্ত। নিয়মের শক্ত প্রতিফলন ও নতুন মুখদের সুযোগ করে দিয়ে চলতি মৌসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বিসিসিআই।
এর আগে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এর আগে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ও ‘এ’ দলের খেলোয়াড়দের রঞ্জিতে অংশ না নেওয়া সহ্য করা হবে না বলে হুমকি দিয়েছিলেন। নতুন কেন্দ্রীয় চুক্তিতে সেই কথারই প্রতিফলন হলো।
গত বছরের ১ অক্টোবর থেকে এ বছরের ৩০ সেপ্টেম্বর সময়কালের জন্য চারটি গ্রেডে ক্রিকেটারদের চুক্তিভুক্ত করা হয়েছে।
এ+ গ্রেড (৪ জন | বছরে ৭ কোটি রুপি)
রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরা ও রবীন্দ্র জাদেজা।
এ গ্রেড (৬ জন | বছরে ৫ কোটি রুপি)
রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল ও হার্দিক পান্ডিয়া।
বি গ্রেড (৫ জন | বছরে ৩ কোটি রুপি)
সূর্যকুমার যাদব, রিশাব পান্ত, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সওয়াল।
সি গ্রেড (১৫ জন | বছরে ১ কোটি রুপি)
রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবাম দুবে, রবি বিষ্ণয়, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সানজু স্যামসন, আর্শদীপ সিং, শ্রীকর ভারত, প্রসিদ কৃষ্ণা, আবেশ খান ও রজত পাতিদার।
এছাড়া কোনো ক্রিকেটার যদি এই মৌসুমে ভারতের হয়ে ৩টি টেস্ট বা ৮টি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তবে তিনিও গ্রেড ‘সি’ এর অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে বিসিসিআই। ধর্মশালা টেস্টে একাদশে থাকলে ধ্রুভ জুরেল ও সরফরাজ খান এই নিয়মের আওতায় চুক্তির মধ্যে পড়বেন।
এছাড়াও নির্বাচক কমিটি পেস বোলারদের চুক্তিতে অন্তর্ভুক্ত করেছেন অতিরিক্ত পাঁচজনকে। তারা হলেন- আকাশ দীপ, বিজয়কুমার বৈশাক, উমরান মালিক, ইয়াশ দয়াল, বিদ্বাথ কাভেরাপ্পা।
