উইন্ডিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আইসিসি, অভিযোগ গ্রেভের

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৩:২৬ পিএম

বেশ কয়েক বছর ধরেই বাজে সময় যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। গেল ওয়ানডে বিশ্বকাপেও তারা মূলপর্বে জায়গা করে নিতে পারেনি। অবশ্য কদিন পরেই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ক্যারিবীয়রা। এর ঠিক আগেই আইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

তিনি মনে করেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও বড় দলগুলো সর্বোচ্চ চেষ্টা করছে যাতে ওয়েস্ট ইন্ডিজ আর কখনো শক্তিশালী দল হয়ে উঠতে না পারে। গ্রেভ উইজডেন ক্রিকেট মান্থলির পডকাস্টে ড্যানিয়েল গ্যালানের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সবাই একটা কথা খুব করে বলে যে আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে দরকার। কিন্তু আমরা যেটা অনুভব করি, সেটা হচ্ছে, বিশ্ব ক্রিকেট তাদের সব রকম চেষ্টা করছে যাতে ওয়েস্ট ইন্ডিজ আর কখনোই শক্তিশালী হতে না পারে।’

আইসিসির লভ্যাংশ থেকে কম অর্থ দেয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে এমন অভিযোগও তুলেছেন গ্রেভ। গত চক্রে ৭ শতাংশ পেলেও এবার তা নেমে এসেছে ৫ শতাংশে। এ কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটকে। 

বিষয়টির ব্যাখ্যা দিয়ে গ্রেভ বলেন, ‘আইসিসি যদি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলই চায়, তাহলে আমাদের কথা ভাবত। আইসিসি শুধু কাগজে–কলমেই আমাদের বেশি টাকা দিচ্ছে। কিন্তু আমাদের অর্থপ্রদানের হার কমিয়ে দেওয়া হয়েছে। গত চক্রেও আমরা ৭ শতাংশ করে পেতাম, এখন সেটা ৫ শতাংশে নেমে এসেছে।’

গত বছরের মাঝামাঝি ক্রিকইনফো এক প্রতিবেদনে বলেছিল, ২০২৪–২৭ চক্রে মোট ৬০ কোটি মার্কিন ডলার সম্ভাব্য ব্যয়ের হিসাব করেছে আইসিসি। এর মধ্যে ২৩ কোটি ১০ লাখ বা ৩৮.৫ শতাংশই পাবে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ শতাংশ পাবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ভাগে পড়েছে মাত্র ৪.৫৮ শতাংশ।
বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কেউই ১০ শতাংশ অর্থও পাবে না। বাংলাদেশ পাবে ওয়েস্ট ইন্ডিজেরও কম ৪.৪৬ শতাংশ। ক্যারিবীয় ক্রিকেটের প্রাচুর্যতা ফেরাতে এই অর্থের পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী।
ক্রিকেটকে এগিয়ে নেয়ার স্বার্থে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি সবাই শুধু নিজেদের দিকেই তাকাই, তাহলে কি এটা বলা যায় যে আমরা একটা কমিউনিটি হিসেবে কাজ করছি? আমরা কি মাঠে সেরা পণ্যটিই পাঠাচ্ছি?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত