দিল্লি এয়ারপোর্টে বোমাতঙ্ক ছড়ানোয় বাংলাদেশি গ্রেপ্তার

  •  ফ্লাইটে বোমা রয়েছে জানিয়ে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রতারণামূলক মেইল পাঠিয়েছিল ওই বাংলাদেশি
  • স্ত্রীর থেকে আসল পরিচয় গোপন রাখার জন্য নজরুল ইসলাম এই অপরাধ করেছেন বলে জানিয়েছেন
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৪:৫১ পিএম

দিল্লি বিমানবন্দরে একটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে কলকাতা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত নাগরিক তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

মূলত দিল্লি থেকে কলকাতাগামী একটি ফ্লাইটে বোমা আছে দাবি করে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি প্রতারণামূলক মেইল ​​পাঠানোর জন্য ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ নজরুল ইসলাম। দিল্লি থেকে কলকাতাগামী ওই ফ্লাইটটি বাতিল করার লক্ষ্যেই প্রতারণামূলক ই-মেইলটি পাঠিয়েছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, শুধুমাত্র নিজের স্ত্রীর কাছ থেকে তার আসল পরিচয় গোপন রাখার জন্য নজরুল ইসলাম এই অপরাধ করেছেন। কারণ তিনি তার স্ত্রীকে বলেছিলেন, তিনি (নজরুল ইসলাম) যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার স্কলার।

পুলিশের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, নজরুল তার আসল পরিচয় লুকিয়ে সোনিয়া নামের এক নারীকে বিয়ে করেন। কিন্তু নানা অজুহাতে সোনিয়াকে যুক্তরাষ্ট্রে নিতে না চাওয়ার কারণে তার স্ত্রীর সন্দেহ হয়। যার কারণে সত্য উদ্ঘাটনে সিদ্ধান্ত নেন সোনিয়া।

মূলত নজরুলের স্ত্রী সোনিয়া তার ভাইকে দিল্লি থেকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শ্যালকের কাছে তিনি ধরা পড়তে পারেন এই ভয়ে যে ফ্লাইটে তার শ্যালক উঠতে চলেছেন সেই ফ্লাইট সম্পর্কে নজরুল দিল্লি বিমানবন্দরে ওই ই-মেইল পাঠান নজরুল।

পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন নজরুল। তার শ্যালকের কলকাতায় আসা ঠেকাতেই এই অপরাধ করেছেন তিনি।

অভিযুক্ত নজরুল জানিয়েছেন, তিনি ২০১৭ সালে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে একটি এভিয়েশন কোর্স করেছিলেন। আর সেখানেই তিনি তার স্ত্রীর সাথে প্রথম দেখা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত