ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, এক ভারতীয় নিহত

  • হতাহতরা দুই মাস আগে মার্গালিওট এলাকায় একটি খামারে কাজ করার জন্য ইসরায়েলে গিয়েছিলেন
  • লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে ইসরায়েল
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম

লেবানন থেকে ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নিহতের ঘটনা ঘটেছে। এ হামলায় আরও দুইজন ভারতিয়সহ অন্তত পাঁচজন বিদেশী শ্রমিক আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে মঙ্গলবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

নিহত ভারতীয় ব্যক্তির নাম নিবিন ম্যাক্সওয়েল (৩১)। নিহতসহ আহতদের মধ্যে তিনজন দক্ষিণ-পশ্চিম ভারতের কেরালা রাজ্যের কাইকুলঙ্গারা শহরের বাসিন্দা। দুই মাস আগে মার্গালিওট নামক এলাকায় একটি খামারে কাজ করার জন্য ইসরায়েলে গিয়েছিলেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার লেবানন থেকে ইসরায়েলে ট্যাংক-প্রতিরোধী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেটি ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তে এসে পড়লে হতাহত হন মার্গালিওট এলাকাবাসীরা।

আহতদের মধ্যে দুইজন বিদেশী শ্রমিক বুশ যোসেফ জর্জ ও পল মেলভিন। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হামাসকে সমর্থন দিয়ে বিভিন্ন সময় ইসরাইলে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

এদিকে ইসরায়েলে হামলার কয়েক ঘন্টা পরই লেবাননে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েল। দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর তিন প্যারামেডিক নিহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহর উদ্ধারকারী বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত