‘চিত্রাঙ্গদা’ সম্মাননা পাচ্ছেন হৃদি হক

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৫:২০ পিএম

‘নারীজন্ম ধন্য হোক আপন ভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্য সংগঠন স্বপ্নদল পালন করতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আগামীকাল ৮ মার্চ সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দলটি পরিবেশন করবে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

চিত্রাঙ্গদা প্রদর্শনীর আগে দেওয়া হবে সম্মাননা। এবার স্বপ্নদলের সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক। নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে হৃদি হকের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধান অতিথি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের দলপ্রধান কামরুজ্জামান বালার্ক প্রমুখ।

স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন জানিয়েছেন, বিশ্বের সব নারীকে সম্মান জানাতে ২০১২ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে দলটি। এ পর্যন্ত স্বপ্নদলের সংবর্ধনা পেয়েছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা, জয়িতা মহলানবীশ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত