লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙন রোধে বাঁধ নির্মাণে মোটা অংকের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বুধবার (৬ মার্চ) জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কমলনগর) আদালতে মামলাটি দায়ের করেন ঠিকাদার জামিল ইকবাল কোম্পানির বালু সরবরাহকারী মো. আমজাদ। মামলায় এজাহারভুক্তরা হলেন নবী উল্লাহ ছেলে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ (৪০), চর মার্টিন ইউনিয়ন কৃষক লীগ নেতা আবুল খায়ের (৩০), চর মার্টিন ইউপির মো. মমিন উল্লাহ ছেলে আ. লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত (৩৫)।
এজাহার সূত্রে বাদী জানান, তিনি মেঘনার ভাঙন রোধে বাঁধ নির্মাণে ঠিকাদার জামিল ইকবাল কোম্পানির বালু সরবরাহকারী হিসেবে কাজ করছেন। দীর্ঘদিন বাঁধ নির্মাণে বালু সরবরাহ করেন। হঠাৎ উপজেলার নাছিরগঞ্জের ২৯ নম্বর ব্লকের বাঁধ নির্মাণে বালু দিতে গেলে দলীয় প্রভাবে কৃষক লীগ নেতা আবু সায়েদ, আবুল খায়ের ও মো. বেলায়েত মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বালুর কাজ করতে দেবেন না বলে জানান। ভয়-ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেন তারা। পরে তাদের হুমকি ও ভয়-ভীতির কারণে ১ লাখ টাকা দিতে হয়। এর কিছুদিন পরে বালু ফেলতে গেলে তারা আবারও একই কায়দায় বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেন এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে তারা উত্তেজিত ও বেপরোয়া হয়ে ওঠে। হঠাৎ কাজের সাইটে গেলে আমাকে আটক করে মারধর করেন তারা। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে, বলে জানান তিনি।
আসামি আবু সায়েদ জানান, বালু ঠিকাদার আমজাদ তার কাছ থেকে ব্যবসা করবে বলে অংশীদার হিসেবে প্রায় ৮ লাখ টাকা নেন। ব্যবসার ল্যাভাংশ দিতে গড়িমসি শুরু করেন। পরে মূলধন এবং ল্যাভাংশের টাকার চাইলে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। বেলায়েত জানান, তিনি আমজাদের সাথে কোনো স্ট্যাম্পে ব্যবসায়িক অংশীদারিত্বের চুক্তিপত্রে সই করেননি। আমজাদের সাথে আবু সায়েদ চুক্তি করেছে। চাঁদাবাজির মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, মেঘনার ভাঙন রোধে বাঁধ নির্মাণে সরকার ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়। হাজার পরিবার মেঘনার ভাঙন রোধে ভিটে-মাটি হারিয়ে নিঃস্ব। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা কাজে বাঁধা দিলে তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
চৌধুরী বাজার ফাঁড়ি থানা পুলিশ পরিদর্শক মো. মকবুল জানান, জরুরি ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
কমলনগর থানা ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আদালতে মামলার বিষয়ে তদন্ত আসলে তা খতিয়ে দেখা হবে।
বিশ্ব নারী দিবসে গুগলের বিশেষ ডুডল
শাকিবের কোম্পানিতে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান