সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে ভোট গণনা শুরু হচ্ছে। সুপ্রিম কোর্ট বার মিলনায়তন ভোটকেন্দ্রে ভোট গণনা হবে। আজ শনিবার সোয়া ১টার দিকে নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভোট গণনার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ব্যালট যাছাই ও ব্যালটের মুড়ি গণনার কাজ শুক্রবার ভোররাতে শেষ করেছিলাম। এখন ভোট গণনার মাধ্যমে আশা করি ফলাফল ঘোষণা করতে পারবো।’
এর আগে বুধবার (৬ মার্চ) ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীনভাবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত চালু ছিল। গত বছরের নির্বাচনে সহিংসতার ঘটনা দেশজুড়ে আলোচিত হয়েছিল। এবারও বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠনের নির্বাচন।
গত বুধ ও বৃহস্পতিবার দুদিন আইনজীবীরা তাদের প্রতিনিধি নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন। কিন্তু এ উৎসবমুখর পরিবেশ ও স্বতঃস্ফূর্ততা ম্লান হয়ে যান আইনজীবীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি, হামলার ঘটনায়। বৃহস্পতিবার রাত পার হয়ে মধ্যরাতে ভোট গণনার সময় নিয়ে ভোটকেন্দ্রের ভেতর হট্টগোল, হাতাহাতি, হামলার ঘটনা ঘটে।
নির্বাচনসংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী আইনজীবীদের তথ্যমতে, বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে রাত ১১টা থেকে প্রদত্ত ভোট ও ব্যালটের মুড়ি গণনা ও যাচাই শুরু করে নির্বাচন পরিচালনাসংক্রান্ত সাব-কমিটি। রাত ৪টা পর্যন্ত যাচাই শেষ করে ভোট গণনা শুরুর উদ্যোগ নিলে সরকার সমর্থক সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক আপত্তি জানিয়ে শুক্রবার দিনের বেলায় গণনার প্রস্তাব করেন। তবে নাহিদ সুলতানা যূথী ও রুহুল কুদ্দুস তালুকদার ভোররাতেই গণনা শেষ করার কথা বলেন। এ নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি, হট্টগোল ও হইচই শুরু হয়।
একপর্যায়ে কিছু বহিরাগত তরুণ ভোটকেন্দ্রে প্রবেশ করে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যূথীকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ককে চাপ দেয়। এরই মধ্যে শাহ মঞ্জুরুল হকের সমর্থক আইনজীবী হিসেবে পরিচিত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফসহ কয়েকজনকে বেদম মারধর করে তারা।
এরপর নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক আবুল খায়ের সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যূথীকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করে পুলিশ পাহারায় ভোটকেন্দ্র ত্যাগ করেন। ব্যালট বাক্স পুলিশ পাহারায় রাখা হয়।
এর আগে ২০২১-২২ ও ২০২৩-২৪ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ এবং ফল ঘোষণা নিয়ে আওয়ামীপন্থি ও বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যেও নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল গত বছরের নির্বাচন, যা আইন অঙ্গনসহ দেশ জুড়ে আলোচনায় আসে।
