ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি। কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে পদত্যাগ করেছেন দেশটির নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ভারতের আইন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি বলছে, অরুণ গোয়েল তার পদত্যাগের জন্য ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। যদিও তাকে পদত্যাগ করা থেকে বিরত রাখতে ভারতের সরকার থেকে প্রচেষ্টা চালানো হয়েছিল।
শুরুতে অরুণ গোয়েলের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সংক্রান্ত জল্পনা উঠলেও তা দ্রুত খারিজ হয়ে যায়, কারণ পরবর্তীতে শীর্ষ কর্মকর্তারা জানান, অরুণ গোয়েল সুস্থ আছেন। তবে নির্বাচন কমিশনের বেশ কয়েকটি সূত্র বলছে, অরুণ গোয়েল এবং প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের মধ্যে মতপার্থক্য রয়েছে।
ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তার আগে নির্বাচন কমিশনারের পদত্যাগ অনেকের মনে সন্দেহের উদ্রেক ঘটিয়েছে।
ভারতের জাতীয় নির্বাচন কমিশনে তিনজন সদস্য থাকেন। এই তিন সদস্য নিয়ে গঠিত ভারতের নির্বাচন কমিশনে ইতিমধ্যেই একটি শূন্য পদ ছিল। তবে অরুণ গোয়েল পদত্যাগ করায় বর্তমানে শুধুমাত্র রাজীব কুমার ভোটের প্যানেলে রয়েছেন।
একজন সদস্য দিয়ে জাতীয় নির্বাচন কমিশন পরিচালিত হতে পারে না। এছাড়া কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন, এর আগেই শূন্যপদে কমিশনার নিয়োগ করা হবে বলে জানিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন।
গত বছরই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনার নিয়োগের নিয়মে পরিবর্তন আনা হয়। নতুন আইন অনুযায়ী, এবার প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা বা একক বৃহত্তম বিরোধী দলের নেতা ও প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী সম্মিলিতভাবে কোনও ব্যক্তিকে বাছাই করবেন এবং তার নাম প্রেসিডেন্টের কাছে সুপারিশ করবেন। সেই সুপারিশের ভিত্তিতেই নতুন সিইসি বা ইসিকে নিয়োগ করবেন প্রেসিডেন্ট।
পাঞ্জাব ক্যাডারের ১৯৮৫-ব্যাচের আইএএস অফিসার অরুণ গোয়েল ২০২২ সালের নভেম্বরে নির্বাচন কমিশনে যোগদান করেছিলেন।
বন্দর নির্মাণে গাজায় যাচ্ছে মার্কিন সামরিক জাহাজ
খামেনির ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল, মেটার নিন্দা জানাল ইরান