মাত্র ১১ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার। শৈশবে ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের মেডওয়েল হলের এক নারী কর্মীর হাতে নিগৃহীত হয়েছিলেন তিনি। সম্প্রতি তার আত্মজীবনী ‘এ ভেরি প্রাইভেট স্কুল’ থেকে নির্বাচিত অংশ প্রকাশিত হয় মেইল অন সানডেতে। সেখানেই তিনি ১৯৭০-এর দশকের ঘটনাটি উল্লেখ করেন।
স্পেনসারের বয়স এখন ৫৯ বছর। তিনি আট থেকে ১৩ বছর পর্যন্ত মেডওয়েল হলে পড়েছেন। ছাত্রজীবনে তার এই অভিজ্ঞতা জানতে পেরে স্কুলটি দুঃখপ্রকাশ করেছে। মেডওয়েল হল আরও বলেছে, যৌন নির্যাতনের অভিযোগ দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
যদিও প্রিন্সেস ডায়ানার ছোট ভাই তার আত্মজীবনীতে অভিযোগ করেছেন, ওই নারী ‘প্রচণ্ড পেডোফাইল’ ছিলেন। তিনি স্পেনসার ছাড়াও অন্য শিশুদের রাতে ছাত্রাবাসের বিছানায় নির্যাতন করতেন। ওই নারী বর্তমানে বিদেশে থাকেন অথবা মারা গেছেন বলেই ধারণা স্পেনসারের।
একইসঙ্গে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষকের কাছে বেদম মার খাওয়ার কথাও জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, তৎকালীন প্রধান শিক্ষক তাকে মেরে ‘যৌন আনন্দ’ পেয়েছিলেন। স্পেনসার বলেন, বোর্ডিং স্কুলে নারকীয় অভিজ্ঞতা হয়েছে তার।
মেডওয়েল হলের যে শিক্ষক তাকে মেরেছিলেন তিনি ২০২২ সালে মারা গেছেন। তবে বিবৃতিতে স্কুলটি বলেছে, দুঃখজনকভাবে সে সময় এমন কিছু অনুশীলন স্বাভাবিক ও গ্রহণযোগ্য বলে মনে করা হত।
প্রসঙ্গত, স্পেনসারের আত্মজীবনীতে তার স্কুল জীবনের প্রায় প্রতিটি দিক উঠে এসেছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শিশু সুরক্ষার বিষয়টি।
ওয়াই-ফাইয়ের নাম ইউক্রেনপন্থি, রাশিয়ান ছাত্রের কারাদণ্ড