পেইড এরিয়াতে অবস্থানের সময় বাড়ানো হবে রমজানে

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৫:৩৩ পিএম

পবিত্র রমজান মাসে পেইড এরিয়াতে অবস্থানের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 

সংস্থাটি বলছে, পেইড এরিয়াতে অবস্থানের সর্বোচ্চ সময়সীমা ৬০ মিনিটের থেকে শুধুমাত্র পবিত্র রমজান মাসের জন্য ৭৫ মিনিট উন্নীত করা হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে অতিরিক্ত ভাড়া আদায় অফিসে ১০০ টাকা জরিমানা পরিশোধ করতে হবে।

আজ রবিবার (১০ মার্চ) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচির বিশেষ নোটে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ নোটে বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রো ট্রেনের অভ্যন্তরে কোনো খাবার গ্রহণ করা যাবে না। তবে পবিত্র রমজানের ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রো ট্রেন ও স্টেশনের পেইড এড়িয়াতে শুধুমাত্র ২৫০ মিলি লিটার পানির বোতল বহন করতে পারবেন। পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স এবং এন্ট্রি বা এক্সিট গেটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে অথবা সঙ্গে নিয়ে যেতে হবে।

এতে আরও বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। রমজান মাসেও মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত