রাজধানীর ধোলাইপাড়ে সিএনজি অটোরিকশার ভেতর অসুস্থ হয়ে মফিজ (৫২) নামে এর চালকের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও সহকর্মীদের ধারণা, স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে। তবে চিকিৎসকরা তার ডেথ সার্টিফিকেট এর হিস্ট্রিতে "আননোন পয়জনিং" উল্লেখ করেছেন।
অটোরিকশা গ্যারেজের ম্যানেজার মো. আল আমিন জানান, মফিজের বাড়ি টাঙাইলের সদর উপজেলার রাঙ্গাচিড়া গ্রামে। বাবার নাম করিম ব্যাপারী। বর্তমানে শ্যামপুর গোলবাগ এলাকায় একটি মেসে থাকতেন। তাদের গ্যারেজের একটি সিএনজি অটোরিকশা ভাড়ায় চালাতেন মফিজ।
তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে খবর পান, ধোলাইপাড় মসজিদের সামনের রাস্তায় অটোরিকশার ভেতর চালকের আসনে অচেতন অবস্থায় পড়ে আছেন মফিজ। তখন সেখানে গিয়ে জানতে পারেন, যাত্রী নিয়ে আসার পর ধোলাইপাড় যখন ব্রেক করেন যাত্রী নামানোর জন্য, তখনই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন ওই যাত্রীরা লোকজন ডেকে পরবর্তীতে গ্যারেজে খবর দেন। এরপর সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার অটোরিকশা, মোবাইল টাকা পয়সা সবই তার সঙ্গেই পাওয়া গেছে। এ জন্য ধারণা করা হচ্ছে, স্ট্রোক করায় তিনি মারা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনা শোনার পর হাসপাতালে গিয়ে মরদেহটি দেখেছি। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
