একটি চরিত্রের জন্য ১২ দিন ঘুমাননি শাম, খাননি কিছু

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১০:০৪ এএম

একই ছবিতে ছয়টি চরিত্রে অভিনয় করেছিলেন। ছয়বার বদলেছিলেন রূপ। আর তা করতে গিয়ে যে ঝুঁকি নিয়েছিলেন অভিনেতা, শুনলে বিস্মিত হতে হয়। ১২ দিন ঘুমাননি শামসুদ্দিন ইব্রাহিম। ১২ দিন ছিলেন না খেয়ে। তাতে কমে গিয়েছিল ১৭ কেজি ওজন।

২০১৩ সালে মু্ক্তি পেয়েছিল তামিল ছবি '৬'। সেই ক্রাইম থ্রিলার পরিচালনা করেছিলেন ভিজে দুরাই। অভিনয় করেছিলেন শামসুদ্দিন, যিনি শাম নামেও পরিচিত। ছবিতে ছয়টি ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন শাম। ছবিতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যার পুত্র অপহৃত হয়েছিল। পুত্রকে খুঁজতে ছয়টি রাজ্যে গিয়েছিলেন শাম। ছয়টি রাজ্যে গিয়ে ছয়বার রূপ বদল করেছিলেন।

ছয়টির মধ্যে একটি ভূমিকার জন্য টানা ১২ দিন কিছু খাননি শাম। ১২ রাত ঘুমোননি। ওজন কমিয়েছিলেন ১৭ কেজি। ওই ভূমিকার জন্য চোখের নিচে স্ফীতভাবের প্রয়োজন ছিল। চোখ দেখে যাতে শিউরে ওঠেন দর্শক, সে জন্যই ১২ রাত ঘুমাননি শাম। এক মিনিটের জন্যও দুচোখের পাতা এক করেননি। সে সময় তাকে দেখে পরিচিত অনেকেই চিনতে পারেননি।

'৬' ছবিতে ওই ভূমিকার জন্য ওজনও কমিয়েছিলেন শাম। ৮৯ কেজি ওজন ছিল তার। পরে ৭২ কেজি ওজন হয় তার। দীর্ঘ দিন কাটাননি চুল, দাড়ি। তাতে সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করেননি। ১২ দিন পর যখন সেটে ঢুকেছিলেন, দেখে তাকে অনেকেই চিনতে পারেননি। বিস্মিত হন পরিচালকও, সেই সঙ্গে উদ্বিগ্নও। পরিচালক দুরাই পরে এক সাক্ষাৎকারে বলেন, ওই সময় শামকে দেখে মনে হয়েছিল যেকোনো সময় জ্ঞান হারাবেন তিনি।

দুরাই জানান, দ্রুত ছবির ওই অংশের শুটিং করিয়েছিলেন তিনি। তার পরেই শামকে বাড়ি পাঠিয়ে দেন। তার মনে হয়েছিল, এই বুঝি পড়ে যাবেন অভিনেতা, ঘটবে কোনো বিপদ। নির্দিষ্ট ওই দৃশ্যের শুটিং সেরেই বাড়ি ফিরে যান শাম। তার পর ঘুমান। কত ক্ষণ? নিজেই তা মনে করতে পারেন না এখন।

একটি সংবাদমাধ্যমকে শাম বলেন, এক সপ্তাহের মধ্যে নিজের পুরনো চেহারায় ফিরেছিলাম। এই ধরনের চরিত্রের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা রজনীকান্ত এবং কমল হাসন। শাম জানান, 'এনথিরান' ছবিতে রোবট চরিত্রের জন্য রজনীকান্ত যে ঝুঁকি নিয়েছিলেন, তা দেখে মুগ্ধ হয়েছিলেন। 'দশাবতরম' ছবিতে কমল যে ঝুঁকি নিয়েছিলেন, তার দ্বারাও অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। ওই সাক্ষাৎকারেই শাম জানান, '৬' তার কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ ছবি। সেই ছবিতে অভিনয়ের ক্ষেত্রে তার অনুপ্রেরণা ছিলেন রজনী এবং কমল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত