পোপ ফ্রান্সিসের মন্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে ইউক্রেনে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির কর্তৃপক্ষ।
এছাড়া ইউক্রেন কখনই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে তলব করে পোপ ফ্রান্সিসের মন্তব্যে হতাশ প্রকাশ করেছে কিয়েভ।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্র দেশগুলোতে থেকে সহায়তা উল্লেখযোগ্যভাবে সীমিত থাকা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান স্থিতিশীল হচ্ছে।
গত শনিবার (১০ মার্চ) সুইস টেলিভিশনে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে পোপ বলেন, ইউক্রেনের উচিত সাদা পতাকা তুলে ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করা। পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ার আগে তাদের আলোচনার টেবিলে বসার মত সৎ সাহস থাকা উচিত।
তিনি আরও বলেন, এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক সহ অনেকেই ভূমিকা পালন করতে আগ্রহী। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ইউক্রেনের আলোচনার টেবিলে বসা উচিত।
সাদা পতাকাকে ঐতিহ্যগতভাবে যুদ্ধক্ষেত্রে আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
পোপের মন্তব্যের পর থেকেই ক্ষোভ ও অসন্তোষ জানায় ইউক্রেন।
যদিও পোপের মন্তব্যের বিষয়ে ভ্যাটিকানের একজন মুখপাত্র জানিয়েছিলেন যে, পোপ আত্মসমর্পণ নয়, আলোচনার মাধ্যমে লড়াই বন্ধ করার কথা বলছেন। তারপরও অসন্তোষ প্রকাশ করে দেশটি।
গতকাল সোমবার রাতের এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "আমরা সহ্য করতে পারি। আমাদের জিততেই হবে।"
শরীরে আগুন দেওয়া মৃত মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়ক
রাশিয়াতে গুপ্তচরবৃত্তির অভিযোগে দ. কোরিয়ার নাগরিক আটক