ক্যারিয়ারের শততম টেস্টে ৯ উইকেট শিকার করে স্মরণীয় করে রাখেন রবিচন্দ্রন অশ্বিন। পুরো সিরিজেই রেখেছেন প্রভাব। তার ফলও পেলেন হাতে নাতে। স্বদেশী জাসপ্রিত বুমরাকে সরিয়ে টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন অশ্বিন। এ নিয়ে ষষ্ঠবারের মতো টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠলেন অশ্বিন।
বুমরা নেমে গেছেন ১ থেকে ৩-এ। ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জশ হ্যাজেলউড। ক্রাইস্টচার্চ টেস্টে ৬ উইকেট শিকার করেন হ্যাজেলউড। র্যাংকিংয়ে উত্থান হয়েছে চায়নাম্যান কুলদীপ যাদব। ১৫ ধাপ উঠে এসে টেস্ট বোলারদের মধ্যে ক্যারিয়ারসেরা ১৬তম অবস্থানে এসেছেন ধর্মশালা টেস্টের ম্যাচসেরা কুলদীপ।
টেস্ট ব্যাটারদের মধ্যে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। দুই ধাপ এগিয়ে আটে এসেছেন যশস্বী জয়সওয়াল। ৯ টেস্ট পরে জয়সওয়ালের রেটিং পয়েন্ট ৭৪০। ইতিহাসে তার চেয়ে বেশি রেটিং পয়েন্ট ছিল কেবল দুজনের। ৯ টেস্ট পর মাইক হাসির ৭৪১ ও ডন ব্র্যাডম্যানের রেটিং পয়েন্ট ছিল ৭৫২।
