শ্রীলঙ্কাকে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচটাতে হারাতে পারলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। আর এই ম্যাচে তাসকিন আহমেয় অপেক্ষায় নিজের সেঞ্চুরি পূরণ করার।
ওয়ানডেতে তাসকিনের উইকেট সংখ্যা ৯৮টি। আর মাত্র ২ উইকেট পেলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁতে যাচ্ছেন ডানহাতি পেসার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। সব ঠিক থাকলে এই ম্যাচের একাদশে থাকছেন তাসকিন। তাই আজই ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হতে পারে এই পেসারের।
সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই ওয়ানডেতে ১০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে চাইবেন ছন্দে থাকা এই পেসার।
তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৩)।
