পরিচালক হিসেবে কেমন শাহরুখপুত্র আরিয়ান

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১১:৪০ এএম

বলিউড বাদশার সন্তান তিনি। সেদিক থেকে বিচার করলে তিনি ‘বলিউড রয়্যালটি’। ছোটবেলা থেকে বড় হয়েছেন ক্যামেরার আশপাশে থেকেই। বড় হয়ে অবশ্য বাবার পথে হাঁটতে চাননি শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বিনোদনের জগতে ইতিমধ্যেই পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন শাহরুখপুত্র। অভিনেতা নয়, পরিচালক হিসাবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে চান আরিয়ান।

নিজের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’-এর শুটিং শুরু করেছেন বেশ কয়েক মাস হলো। সাধারণত তারকা-সন্তানেরা অভিনেতাই হয়ে থাকেন। তবে আরিয়ান সেদিক থেকে ব্যতিক্রম। অনেকেরই ধারণা, আরিয়ান বড্ড নাকউঁচু। অন্য তারকা-সন্তানদের মতো আলোকচিত্রীদের সামনে পোজ দেন না। খানিক এড়িয়ে চলেন প্রচারের আলো। কিন্তু পরিচালক হিসেবে সেটের ভেতর কেমন তিনি?

শাহরুখপুত্র বলে বাড়তি কোনো অহঙ্কার নেই আরিয়ানের। সকলের মতামতের গুরুত্ব আছে তার কাছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'আরিয়ান এমন একজন মানুষ যিনি সমালোচনা সহ্য করতে যেমন পারেন, তেমনই অন্যের মতামতকে গুরুত্ব দেন। দিন কয়েক আগেই একটি দৃশ্যে মনের মতো শট পাচ্ছিলেন না। তখন পুরনো সব কলাকুশলীদের পরামর্শ অনুযায়ী শট নেন। বিন্দুমাত্র অহঙ্কার বা আত্মশ্লাঘা নেই আরিয়ানের মধ্যে।'

ছেলের প্রথম সিরিজ প্রযোজনার ভার নিয়েছেন বাবাই। শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ তৈরি করছে এই সিরিজ। গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনি নিয়ে লেখা সিরিজের চিত্রনাট্যে। ছয়টি পর্বের এই সিরিজের শুটিং শেষের দিকে। এই সিরিজে ক্যামিও করছেন রণবীর সিং ও শাহরুখ খান। যদিও এ নিয়ে একটি কথাও বলেননি আরিয়ান।

যেখানে নবাগত পরিচালকদের কাজ বিক্রি করতে প্রযোজকদের দোরগোড়ায় ঘুরতে হয়, সেখানে আরিয়ানের কাজ কেনার জন্য ১২০ কোটি টাকার প্রস্তাব দিয়ে বসে আছে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলো। যদিও কাজ যতক্ষণ না শেষ হচ্ছে, বিক্রি নিয়ে ততক্ষণ কোনো কিছু ভাবতে নারাজ শাহরুখপুত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত