লন্ডনে বেপরোয়া গাড়ির ধাক্কায় বাংলাদেশি নির্মাতার মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম

যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম গোলাম মাবুদ ফুরুক  (৪৬)। তিনি পেশায় বাংলাদেশি নাট্য নির্মাতা। স্থানীয় সময় গত শনিবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকার লেও স্ট্রিটার রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী একটি প্রাইভেট কার ''হিট এন্ড রান'' করে পালিয়ে যায়। 

লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় আহত হন ফুরুক। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম মাবুদ ফুরুক সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছিলেন। তিনি লন্ডনে স্থানীয় নাটক নির্মাণ করতেন। সিলেটি আঞ্চলিক ভাষায় বেশ কয়েকটি নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। ফুরুক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।

ফুরুকের চাচা কানাই মিয়া জানান, তাদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে ফুরুকের। ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদারস হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত