ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় ১৩ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। এছাড়া অনেক শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং ‘তাদের কান্নার শক্তিও নেই।’ রবিবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।
এদিন সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, বিশ্বের আর কোনো সংঘাতে শিশুদের মৃত্যুর এই হার আমরা দেখিনি। আরও হাজার হাজার লোক আহত হয়েছে। তারা কোথায় আছে তাও আমরা জানি না। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে।
তিনি বলেন, আমি এমন শিশুদের ওয়ার্ডে গিয়েছি যারা মারাত্মক রক্ত স্বল্পতায় ভুগছে। পুরো ওয়ার্ড একেবারে নীরব। কারণ শিশুদের কান্না করারও শক্তি নেই। ক্যাথরিন রাসেল আরও বলেন, গাজায় ট্রাক নিয়ে ত্রাণ ও সহায়তা দিতে ‘বড় আমলাতান্ত্রিক চ্যালেঞ্জ’ রয়েছে।
যুদ্ধে নিহতের সংখ্যা, খাদ্য সংকট এবং গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাস শাসিত গাজায় ইসরায়েলের সামরিক হামলায় প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মারা গেছে ৩১ হাজারেরও বেশি মানুষ।
