চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও গালি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আজগর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজগর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের ৫নং ওয়ার্ড এলাকার বদরুজ্জামানের পুত্র। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে পশ্চিম বড়ঘোনাস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাঁশখালী থানা পুলিশ জানায়, অভিযুক্ত আজগর হোসাইন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি বিভিন্ন নবী রাসুল ও অলি বুজুর্গ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি তোফায়েল আহমদের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আজগরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে আজগর নামের যুবককে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আজগরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
