ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি অংশের এক্সিট র্যাস্প চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার (২০ মার্চ) এই র্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক্সপ্রেসওয়ের নতুন অংশ আজ বিকেলে সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগরবাসীর জন্য এটি ঈদ উপহার।
বিমানবন্দর, বনানীসহ বিভিন্ন পয়েন্ট থেকে উঠে এ র্যাম্প দিয়ে নেমে যাওয়া যাবে কারওয়ান বাজার, হাতিরঝিল, মগবাজার, মিন্টো রোডসহ পার্শ্ববর্তী এলাকায়।
এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশটি গত বছরের ৩ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।
