গাজায় ত্রাণ বিতরণ দলের ওপর ইসরায়েলি হামলা, নিহত ২৩

  • ত্রাণ বিতরণকারী দলটি জাতিসংঘের কেন্দ্রগুলিতে নিরাপদ বিতরণ নিশ্চিত করতে কাজ করছিল
  • গাজার উত্তরের প্রধান খাদ্য বিতরণ স্থান কুয়েত গোলচত্বরকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলা বাড়িয়েছে ইসরায়েল
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় সম্প্রতি ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ত্রাণ বিতরণকারী ও ত্রাণ নিতে আসা মানুষেরা।

আবারও গাজায় ত্রাণ বিতরণকারী দলের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

আল জাজিরার সংবাদদাতা এবং স্থানীয় ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা জানায় যে, গাজা শহরের দক্ষিণে কুয়েতি গোলচত্বরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

গাজার উত্তর এলাকার প্রধান খাদ্য বিতরণ স্থান হল কুয়েত গোলচত্বর। এই স্থানকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলা বাড়িয়েছে দখলদার দেশটির বাহিনী।

ইসরায়েলি হামলায় ত্রাণ সরবরাহ ও বিতরণের নিযুক্ত স্থানীয় ফিলিস্তিনিদের একটি দল হতাহতের শিকার হয়। গত কয়েক সপ্তাহ গাজার উত্তরে খাদ্য সংকটের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরে স্থানীয় ফিলিস্তিনিদের নিয়ে মানবিক ত্রাণ সরবরাহে বিভিন্ন দল গঠিত হয়েছে।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, গাজা সিটিতে সাহায্য বিতরণের সমন্বয়কারী একটি স্থানীয় দলের ওপর হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। দলটি ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) এর সাথে সম্মিলিতভাবে কাজ করত।

তারা জাতিসংঘের কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সাহায্যের নিরাপদ বিতরণ নিশ্চিত করতে কাজ করছিল।

এদিকে এই হামলা ছাড়াও আরও কয়েকটি হামলার ঘটনা ঘটেছে গাজায়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্য গাজার আল নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত