বাংলাদেশসহ তিন প্রতিপক্ষের বিপক্ষেই জয় অসিদের

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৭:৪৭ পিএম

বিশ্বকাপ বাছাইপর্বের আজ তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। কুয়েত সিটিতে আজ রাত বাংলাদেশ সময় সাড়ে ১২টায় ফিলিস্তিনের মুখোমুখি হবে দুই দল। তবে তার আগে একই গ্রুপের অন্য দুই দল অস্ট্রেলিয়া ও লেবাননের লড়াই শেষ হয়ে গেছে। যেখানে ২-০ গোলের জয় পেয়েছে অসিরা।

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৫ মিনিটেই স্বাগতিকরা এগিয়ে যায় কিয়ানু ব্যাক্কাসের গোলে। প্রথমার্ধে এই এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কেই রোওলেস।

শেষে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সকারুরা। এই জয়ে ‘আই’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেবানন। রাতে মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশ, ফিলিস্তিন দুই দলেরই ১ পয়েন্ট।

বাংলাদেশ ঘরের মাঠে লেবাননের কাছ থেকেই একটি পয়েন্ট পেয়েছে। ফিলিস্তিন লেবাননও নিজেদের মধ্যে ড্র করে।

ফিলিস্তিন ১-০ তে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। গ্রুপে তিন প্রতিপক্ষের বিপক্ষেই প্রথম দেখায় জয় পাওয়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশের বিপক্ষেই জয়টা সবচেয়ে বড় ৭-০ গোলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত