ওমরায় গিয়ে অজ্ঞান বাংলাদেশি, উদ্ধার করে চিকিৎসা

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:৩৩ পিএম

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়া এক বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। গত রবিবার এ ঘটনা ঘটে। পরে রেড ক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা তার পালস ফিরিয়ে আনেন। এরপর তাকে হারাম ইমার্জেন্সি সেন্টারে (৩) স্থানান্তর করা হয়।

এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, পবিত্র হারাম শরিফ প্রান্তরে অজ্ঞান হয়ে পড়লে ওই বাংলাদেশি ওমরাহ পালনকারীকে মক্কার সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স দল দ্রুত তার কাছে ছুটে যায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।

খবরে বলা হয়েছে, গত রবিবার কাবা প্রান্তরে ওই বাংলাদেশি অজ্ঞান হয়ে পড়েন। তার বয়স ৫০ এর দশকে। তিনি মাটিতে পড়ে যান এবং শ্বাস নিতে অক্ষম হয়ে পড়েন। পরে জরুরি কর্মীরা একটি শক ডিভাইস ব্যবহার করে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) প্রদান করেন। কিছুক্ষণ পর তার শ্বাস ফিরে আসে। তাকে দ্রুত জরুরি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে হজ ও ওমরাহ যাত্রীদের শিক্ষিত করার ওপর জোর দিয়েছে। অজ্ঞান ও শ্বাসরোধ অবস্থা কিভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে অবগত করার বিষয়েও জোর দিয়েছে তারা। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ৯৯৭ নম্বরে ফোন করতে সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত