ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ১৯

  • ইসরায়েলি সেনাবাহিনী ট্যাংক থেকে মেশিনগান দিয়ে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১০:৫৫ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সম্প্রতি ইসরায়েলি বাহিনীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিরা ও ত্রাণ বিতরণকারীরা।

গত কয়েকদিনের মত আবারও ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

শনিবার গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, "ইসরায়েলি দখলদারিত্ব আবারও একটি গণহত্যা চালিয়েছে। হাজার হাজার ফিলিস্তিনি আল-কুয়েত গোলচত্বরের কাছে ত্রাণের অপেক্ষা করার সময় তাদের ওপর গুলি চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে এবং ২৩ জনকে আহত করেছে।‘

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েলি সেনাবাহিনী ট্যাংক থেকে মেশিনগান দিয়ে অভুক্ত ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।‘

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, "বেসামরিক নাগরিকদের ওপর ভারী গুলি চালানো হয়েছে। আহতদের নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভঙ্গুর হওয়ার কারণে বেশিরভাগকেই বাইরের খোলা আকাশের নিচে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে গত ২৯শে ফেব্রুয়ারি, ইসরায়েলি বাহিনী ত্রাণের জন্য অপেক্ষারত কয়েকশ ফিলিস্তিনিদের উপর গুলি চালায়। তখন ওই হামলায় ১১৮ জন নিহত এবং ৭৬০ জন আহত হয় জানিয়েছিল গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এরপর থেকেই ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে দখলদার দেশটির বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত