এনদ্রিক বিশ্ব ফুটবলে গুরুত্বপূর্ণ এক নাম হতে পারে: দরিভাল

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম

কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচেই ইংলিশদের ওয়েম্বলি দূর্গ জয় করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। রাতের ম্যাচে বিস্ময়-বালক এনদ্রিকের একমাত্র গোলে ছয় মাস পর জয়ের আনন্দে ভাসে সেলেসাওরা।

এনদ্রিক গোলটি করেছেন ১৭ বছর ২৪৬ দিন বয়সে। এতে তিনি বনে গেছেন ওয়েম্বলিতে সর্বকনিষ্ঠ গোলদাতা। একই সঙ্গে ১৯৯৪ সালে রোনালদো নাজারিওর পর ব্রাজিলের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়ে গেছেন তিনি। ১৯৯৪ সালে রোনালদো যখন আইসল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন, তার বয়স ছিল ১৭ বছর ৭ মাস ১২ দিন।

ম্যাচ শেষে দরিভাল এনদ্রিককেও প্রশংসায় ভাসিয়েছেন, ‘এখন পর্যন্ত সে যে মনোভাব দেখিয়েছে, ব্রাজিল ও বিশ্ব ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ এক নাম হতে পারে।’

জয় দিয়ে নিজের ব্রাজিল অধ্যায় শুরু করলেও দরিভালের মূল পরীক্ষা কোপা আমেরিকা। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নিশ্চিত করেই এটা বিশেষ এক মুহূর্ত। ইংল্যান্ডের মাটিতে এর আগে ব্রাজিলের অল্প কয়েকটি ম্যাচ জয়ই আমাদের সম্পর্কে ধারণা দেয়। কিন্তু এটা থেকে সরে গেলে চলবে না যে আমাদের কাজের মাত্র শুরু।’

চোট জর্জরিত ব্রাজিলের জার্সিতে এদিন প্রথম একাদশে ৫ জনের অভিষেক করান দরিভাল। ছিলেন না নিয়মিত বড় তারকারা। এ নিয়ে তিনি বলেছেন, ‘এই ছেলেদের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। এই দলের কাছ থেকে আমি আরও অনেক কিছু আশা করছি। কিন্তু আমি মনে করি, ইংল্যান্ডের বিপক্ষে এ জয় দেখিয়েছে যে আমরা কত দূর যেতে সক্ষম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত