পবিত্র রমজান মাসের পবিত্রতা লঙ্ঘন ও নিয়ম ভঙ্গের অভিযোগে ইরানের বিভিন্ন শহরে শতাধিক দোকান সিলগালা করেছে দেশটির কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসকে অসম্মান করার কারণে এই ব্যবস্থা নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
পবিত্র রমজান মাসে ইরানের নাগরিকদের জনসম্মুখে খাওয়া, মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকা, এমনকি তাদের গাড়ির ভেতরেও এসব কাজ করা থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
নিয়ম ভঙ্গ হলে ইরানের ইসলামিক দণ্ডবিধির ৬৩৮ ধারা অনুযায়ী অভিযুক্তকে ১০ থেকে ৬০ দিনের কারাদণ্ড বা ৭৪টি পর্যন্ত বেত্রাঘাত শাস্তির সম্মুখীন হতে হবে।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার হামেদানের প্রসিকিউটর হাসান খানজানি রমজানের নিয়ম না মেনে চলা জন্য একটি ফুড কোর্টসহ ৬৫টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার ঘোষণা দেন।
এছাড়া রে-এর পুলিশ কমান্ডার বলেন, রমজানের সময় স্থাপনাগুলোতে তত্ত্বাবধানের পরিকল্পনার অংশ হিসাবে ২৪টি নিয়ম অমান্যকারী এবং রমজানের নিয়ম লঙ্ঘনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও ৭৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করার সতর্কতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে চলতি মাসের মাঝামাঝিতে রমজানের বাধ্যতামূলক নীতি পালন করতে ব্যর্থ হওয়ার কারণে আবহার, জাঞ্জান প্রদেশে চারটি রেস্তোরাঁ এবং খুজেস্তান প্রদেশের দেজফুলে ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।
ভারতের উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল আদালত
ফ্রান্সে সন্ত্রাসী হামলার শংকায় সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি