স্কুলছাত্র অন্তর হত্যায় ৩ আসামির ফাঁসির আদেশ

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম

ফরিদপুরের নগরকান্দার স্কুলছাত্র আলাউদ্দিন ওরফে অন্তর হত্যা মামলায় তিনজনের ফাঁসি এবং তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
 
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাহাবুব আলম, কামাল মাতুব্বর ও খোকন মাতুব্বর। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন আশরাফ শেখ, আজিজুল শেখ ও সুজন মাতুব্বর। রায় ঘোষণার সময় আজিজুল শেখ ছাড়া বাকি পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ জুন তারাবি নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চর মানিকদী (পাগলপাড়া) এলাকার অষ্টম শ্রেণির ছাত্র আলাউদ্দিন ওরফে অন্তর। তার বাবা গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বর। পরে অন্তরের মায়ের মোবাইল ফোনে কল করে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এরপর ১৪ জুন রাতে অপহরণকারীদের কথা মতো মুক্তিপণের এক লাখ ৪০ হাজার টাকাও দেন অন্তরের মা। কিন্তু এরপরেও ছেলের মুক্তি দেয়নি অপহরণকারীরা। পরবর্তীতে ২৭ জুন রাত ১টার দিকে পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশে খাদের মধ্যে মাটিচাপা দেওয়া অবস্থায় অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করে নগরকন্দা থানা পুলিশ। পরে অন্তরের মা জান্নাতী বেগম পরের দিন নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে আজ বুধবার এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

রায়ে খুশি জানিয়ে অন্তরের মা জান্নাতী বেগম বলেন, সবার ফাঁসির রায় হলে বেশি খুশি হতাম। আমার ছেলের হত্যাকারীদের দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি করছি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত