কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলায় কংগ্রেস নেত্রীকে শোকজ

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম

কঙ্গনা রানাউত সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেতকে শোকজ করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে শোকজ করা হয়েছে বিজেপির বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকেও। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল।

‘মাণ্ডিতে কত করে দর চলছে?’ কঙ্গনা রানাউতের একটি ছবি পোস্ট করে সোশ্যালে এমনই কুরুচিকর মন্তব্য করেছিলেন সুপ্রিয়া শ্রীনেত। যা নিয়ে তার উপর ক্ষিপ্ত বিজেপি। হিমাচল প্রদেশের মাণ্ডিতে বিজেপির প্রার্থী কঙ্গনাও এর প্রতিক্রিয়া দিয়েছেন। এরপর একাধিক বিজেপি নেতা এটা নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। তারপরই সুপ্রিয়া শ্রীনেতকে সতর্ক করে শোকজ করে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। 

সুপ্রিয়া শ্রীনেতের দাবি, তার অ্যাকাউন্টের অ্যাকসেস যাদের কাছে রয়েছে, তারা কোনোভাবে এই অশালীন পোস্ট করে থাকতে পারেন। তিনি নিজে তা করেননি এবং বিষয়টি নজরে আসতে তা ডিলিট করে দেন।

অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগে কমিশন সতর্ক করেছিল দিলীপ ঘোষকে। এরপর বুধবার বিকেলে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। একজন মহিলার সম্মানহানি এবং তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়। তাকেও আগামী ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে শোকজের জবাব দিতে হবে।

এ বছর প্রথম থেকেই নির্বাচন কমিশন লোকসভার প্রচারে ব্যক্তিগত আক্রমণ নিয়ে সতর্ক করেছিলেন। অশালীন ভাষা প্রয়োগ হলে এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা, কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা, রাজনৈতিক দলের প্রচারে নারীদের সম্মান ও মর্যাদা বজায় রাখার বিশেষ আর্জি রেখেছে নির্বাচন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত