ইকুয়েডরের সান ভিসেন্ট শহরের মেয়র ব্রিজিত গার্সিয়াকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। ২৭ বছর বয়সী গার্সিয়া এবং তার প্রেস কর্মকর্তা জাইরো লুরের মরদেহ ভাড়ায় চালিত একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়।
বিবিসি জানিয়েছে, পেশায় নার্স গার্সিয়া গত বছর বিরোধী সিটিজেনস রেভল্যুশন দলের হয়ে মেয়র নির্বাচিত হন। সান ভিসেন্ট শহরের অবস্থান মানাব প্রদেশে।
গত শনিবার দিনগত রাতে গার্সিয়া বং তার প্রেস কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যার উদ্দেশ্য কী হতে পারে তা-ও জানা যায়নি। তবে পুলিশ বলছে, গার্সিয়া ও প্রেস কর্মকর্তা লুরকে গাড়ির ভেতর থেকেই গুলি করা হয়েছে।
ইকুয়েডরে রাজনীতিবিদ হত্যার এটি সর্বশেষ ঘটনা। গত বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও হত্যার শিকার হন।
