গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা অষ্টম জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে ৬-২ ব্যবধানে জয় তুলে নেয় আকাশী-নীলরা।
আশরাফুলের পাশাপাশি ওবায়দুল হোসেন জয়, পুষ্কর খীসা মিমো এবং মোহাম্মদ আব্দুল্লাহ একটি করে গোল করেন। বাংলাদেশ এসসির ভারতীয় রিক্রট গুরপীত সিং জোড়া গোল করেও দলের হার ঠেকাতে পারেননি। ৮ খেলায় ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আবাহনী। সমান সংখ্যক ম্যাচে বাংলাদেশ এসসি ২ জয়, ২ ড্র এবং ৪ হারে সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট।
ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন বাংলাদেশ এসসির গুরপীত সিং। সমতায় ফিরতে সময় নেয়নি আবাহনী। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান আশরাফুল। ১১ মিনিটে তরুণ ফরোয়ার্ড আব্দুল্লাহর ফিল্ড গোলে এগিয়ে যায় আকাশী-নীল শিবির। প্রথম কোয়ার্টারে এগিয়ে থাকা আবাহনী দ্বিতীয় কোয়ার্টারের ২২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায়। পেনাল্টি কর্নার লক্ষ্যভেদ করেন আশরাফুল। মিনিট দুই পর জয়ের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ায় আবাহনী। তৃতীয় কোয়ার্টারের ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আশরাফুল। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৮ মিনিটে আবাহনীর হয়ে ম্যাচের শেষ গোলটি করেন মিমো। ৫০ মিনিটে গুরপীত আরেকটি গোল শোধ দেন।
এর আগে দিনের প্রথম খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৭-৩ গোলে হারায় অ্যাজাক্স। দলটির হয়ে হ্যাটট্রিক করেন ভারতের সিলহেইবা লিশাম। এছাড়া তানজিম আহমেদ ও আরেক ভারতীয় হারশুকপ্রিত সিং করেন জোড়া গোল। ভিক্টোরিয়ার সৈয়দ ইকবাল নাদির প্রিন্স এবং দুই ভারতীয় অক্ষর দুবে ও ইরশাদ মির্জা একটি করে গোল করেন। এ জয়ে সুপার সিক্সের পথে অনেকটাই এগিয়ে গেল অ্যাজাক্স। ৯ ম্যাচে দলটির সংগ্রহ এখন ১১ পয়েন্ট। অন্যদিকে ৮ ম্যাচে ভিক্টোরিয়ার সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট।
