৯০ দিনের মধ্যে হকি ফেডারেশনের নির্বাচনের নির্দেশ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম সভায় আগামী ৯০ দিনের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তুলে আনা, ঘরোয়া লিগ নিয়মিত আয়োজন এবং দেশের হকির সামগ্রিক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সকালে তেজগাঁওয়ের বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সভায় ১২টি সাব কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভা শুরুর আগে বাংলাদেশের হকির কিংবদন্তি খেলোয়াড় মরহুম আব্দুস সাদেকের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন সভায় উপস্থিত সদস্যরা। সভাপতি কার্যনির্বাহী পরিষদের সদস্যদের স্বাগত জানিয়ে দেশের হকির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। এরপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুরু হয় সভার মূল কার্যক্রম।

সভায় ফেডারেশনের পূর্ববর্তী সভাগুলোর কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি আগামী দিনের বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে। দেশের হকির উন্নয়নে তৃণমূল পর্যায়কে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে নতুন খেলোয়াড় তৈরির জন্য বিভিন্ন সাব-কমিটি গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

দীর্ঘদিন ধরে ঘরোয়া হকিতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন নিয়ে যে সংকট রয়েছে, তা কাটিয়ে উঠতেও গুরুত্ব দেওয়া হয়েছে সভায়। ঘরোয়া লিগগুলো নিয়মিত আয়োজনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা গেলে খেলোয়াড়দের খেলার মধ্যে রাখার পাশাপাশি জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথও আরও সহজ হবে।

তবে সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ফেডারেশনের নির্বাচন। হকি ফেডারেশনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেন সভাপতি। আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য দেশের হকির উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে হকির বিস্তার, ঘরোয়া প্রতিযোগিতা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভাপতি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে। এ জন্য ফেডারেশনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রথম সভাতেই ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সময়সীমা নির্ধারণ হওয়ায় হকি অঙ্গনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটির হাতে ফেডারেশনের দায়িত্ব তুলে দেওয়াই এডহক কমিটির অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত