ইংলিশ প্রিমিযার লিগে আগামীকাল ইতিহাদে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন মিকেল আর্তেতার দলের।
খেলাটা ম্যানসিটির মাঠ ইতিহাদে বলেই চিন্তা আর্তেতার। ২০১৫ সালের জানুয়ারির পর সিটির ঘরের মাঠে জিততে পারেনি আর্সেনাল।
সিটির মাঠে জয়ের খড়া কাটাতে নিজ দলের খেলোয়াড়দের দারুণ পরামর্শ দিয়েছেন আর্সেনাল কোচ আর্তেতা। সিটির মাঠকেও নিজেদের ঘরের মাঠ মনে করে খেলতে বললেন।
আর্তেতা বলেন, 'আমরা অ্যাওয়ে ম্যাচকেও হোম ম্যাচ ভেবে খেলার চেষ্টা করবো। খেলার সময় সেই বিশ্বাসটা রাখতে হবে। আমাদের প্রতিটি দলের বিপক্ষেই (লিগে) দুবার করে খেলতে হয়। গেল মৌসুমে আমরা সেখানে যখন গিয়েছিলাম আর এবার যখন যাচ্ছি পরিস্থিতি ভিন্ন। আমরা মাঠে এর প্রমাণ দিতে চাই।'
এই মৌসুমে লিগে প্রথম দেখায় আর্সেনাল নিজেদের মাঠ এমিরেটসে ১-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটিকে।
লিগে ২৮ ম্যাচ শেষে ৬৪ পয়েন্টে শীর্ষে আছে আর্সেনাল, এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানসিটি। আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে লিভারপুল।
