ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ত্রাণ সরবরাহ বাড়াতে দুটি সীমান্ত ক্রসিং খোলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েল এবং উত্তর গাজার মধ্যকার ‘ইরেজ ক্রসিং’ পুনরায় চালু এবং আশদোদ বন্দর ব্যবহার করার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। খবর বিবিসি এবং সিএনএন।
এছাড়া জর্ডান থেকে ত্রাণ সহায়তা কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানায় ইসরায়েল।
এদিকে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অবরুদ্ধ গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের জন্য ক্রসিংটি (ইরেজ) খুলে দেয়া হবে। এছাড়া মন্ত্রিসভা গাজায় আরও সাহায্য স্থানান্তর করতে সহায়তা করার জন্য ইসরাইলের আশদোদ বন্দর ব্যবহার করার অনুমোদন দিয়েছে বলেও জানা গেছে। যদিও সীমান্ত ক্রসিংটি কীভাবে পুনরায় চালু করা হবে তা এখনও স্পষ্ট নয়।
গতকাল বৃহস্পতিবার জো বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে ৩০ মিনিটের উত্তপ্ত টেলিফোন সংলাপে বাইডেন ওই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেন এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানান।
হোয়াইট হাউসের ওই বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের সুনির্দিষ্ট, বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনাসহ মানবিক সহায়তা জোরদার করা এবং সাহায্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতির আওতায় পড়ে।
এরআগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইসরায়েলের পদক্ষেপের কোন পরিবর্তন না হলে মার্কিন নীতিতে পরিবর্তন আসবে।
গাজার বেসামরিকদের রক্ষা করতে নেতানিয়াহুকে আল্টিমেটাম দিলেন বাইডেন