টাঙ্গাইলে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ২

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ী মান্নান মিয়াকে অপহরণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে অপহরণের পর মুক্তিপণের ১২ লাখ টাকা আদায় করে দুস্কৃতিকারীরা। তবে এলাকাবাসী একত্র হয়ে দুই দুস্কৃতিকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
  
ভুক্তভোগী ব্যবসায়ী মান্নান মিয়া বলেন, শুক্রবার রাতে তিনি তার দোকানে বসে ছিলেন। এ সময় র‌্যাবের কটি পড়া অস্ত্রধারী পাঁচজন লোক দোকানে এসে তাকে মাদক ব্যবসায়ী বলে গালিগালাজ করে দোকান তল্লাসী শুরু করেন। এক পর্যায় তাকে চোখ বেঁধে কালো মাইেক্রোবাসে তুলে তার কাছে দুই কোটি টাকা দাবি করেন। মান্নান অপারগতা প্রকাশ করলে তা ১২ লাখে পৌঁছে। টাকা পেয়ে দুস্কৃতিকারীরা মান্নানকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় ফেলে চলে যায়। তার আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেল যোগে ধাওয়া করে টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকায় মাইক্রোবাসটিকে আটক করে। এ সময় মাইক্রোবাসের চালকসহ দুজনকে আটক করে গণধোলাই দেয়। অপর চারজন পালিয়ে যায়। 

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ আটককৃত দুই দুস্কৃতিকারীকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপহৃত মান্নান মিয়া টাঙ্গাইল একই হাসপাতালে চিকিৎসা নেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,  এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত