শীর্ষস্থান হারানোর পরও ক্লপ ‘একদম ঠিকঠাক’

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:২৭ পিএম

ডিসেম্বরে প্রিমিয়ার লিগে অ্যানফিল্ড থেকে ড্র করে ফেরার পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে তিন সপ্তাহ আগে রোমাঞ্চকর এক লড়াইয়ে লিভারপুলকে ৪–৩ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ধারাবাহিকতায় গতরাতে লিভারপুলকে আবার আটকে দেয় ম্যানইউ। ২-২ গোলের এই ড্রয়ে শীর্ষস্থান হারানোর পর ইয়ুর্গেন ক্লপ এ পরিস্থিতিকে ‘একদম ঠিকঠাক’ বলে আখ্যা দিয়েছেন।

তবে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক এ ড্র-কে হারের সঙ্গেই তুলনা করেছেন, ‘এটা হারের মতো। আবারও আমরা ভুল করেছি। আমরা অনেক সুযোগ পেয়েছি। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের ম্যাচটি শেষ করে আসা উচিত ছিল।’

ক্লপ বলেছেন, ‘আমরা জানি আমরা কারা এবং আমরা কেমন, এ জন্যই আমরা শিরোপা দৌড়ে আছি। এখনকার পরিস্থিতি নিয়ে আমরা একদম ঠিক আছি।’

এই ড্রয়ে শীর্ষে ওঠার সুযোগ নষ্ট হয়েছে লিভারপুলের, এখন অবস্থান দুই নম্বরে। যার অর্থ, শিরোপা লড়াইয়ে পিছিয়েই পড়েছে লিভারপুল। স্বাভাবিকভাবেই ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও ম্যাচ জিততে না পারায় হতাশ লিভারপুলের খেলোয়াড়েরা। ৩১ ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে এখন আর্সেনাল। লিভারপুল সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩১ ম্যাচে ৭০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত