যে কারণে ঢাকায় অনুষ্ঠিত হলো ঈদের নামাজ

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ১৮-২০ বছর ধরে ঈদ উদযাপন করে আসছি উল্লেখ করে মুসলিম উম্মার সভাপতি মুফতি সৈয়দ আব্দুল সালাম বলেন, ‘পৃথিবী একটা, চাঁদও একটা, মুসলিম উম্মাহও একটা। দেশে দেশে চাঁদ ভাগ হবে না। সীমানা ভাগ করা হয়েছে কিন্তু আকাশ তো ভাগ হয়নি আকাশ আল্লাহর। বাংলাদেশের আকাশ নেই।’

তিনি বলেন, ‘মুসলিম দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া সবগুলোতে আজ ঈদ। আমাদের পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর সবদিকে আজ ঈদ। কিন্তু বাংলাদেশে আগামীকাল ঈদ এটা তো মেনে নেওয়া যায় না। কোরআন হাদিসের দিক থেকেও এর সহীহ ব্যখ্যা রয়েছে।’

এর আগে বুধবার (১০ এপ্রিল) পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মাহ বাংলাদেশ নামে একটি ট্রাস্ট কর্তৃক এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে অন্তত ১০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে বলে জানান ট্রাস্টের সভাপতি। 

এদিন সকাল ৭টায় মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।

ঢাকার কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) বিজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে একটি গ্রুপ এখানে ঈদের নামাজ পড়েন। এবারও তারা ঈদের জামাত করেছে।

জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর বৃহস্পতিবার নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় বুধবার উদযাপিত হচ্ছে ঈদ। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতে অংশ নেন।

এদিকে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত