সদরঘাটে দুর্ঘটনা: দুই লঞ্চের মাস্টার-ম্যানেজারসহ আটক ৫

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৮:০৬ এএম

রাজধানীর সদরঘাট টার্মিনালে লঞ্চের ছিঁড়ে আসা দড়ির আঘাতে পাঁচজনের প্রাণ যাওয়ার ঘটনায় দুই লঞ্চের মাস্টার-ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। আটকদের মধ্যে ফারহান-৬ লঞ্চের তিনজন ও তাসরিফ-৪ লঞ্চের দুজন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে সদরঘাট নৌ থানার ওসি মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকদের মধ্যে দুই লঞ্চের মাস্টার ও ম্যানেজার রয়েছেন। বিআইডব্লিউটিএ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে বিকেল ৩টার দিকে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে ফারহান-৬ লঞ্চের ধাক্কায় তাসরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান পন্টুনে থাকা চার যাত্রী ও এক হকার। দুর্ঘটনার পর ধুয়ে-মুছে স্বাভাবিক করা হয়েছে সদরঘাটের প্লাটুন। এ দুর্ঘটনায় সদরঘাট সাময়িক থমকে গেলেও দেড় ঘণ্টা পরেই শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম।

পুলিশ ও নৌ পুলিশ জানিয়েছে, বিকেল ৩টার দিকে তাসরিফ-৪ লঞ্চের দড়িটি ছিঁড়ে গেলে পাঁচজনের মাথায় আঘাত লাগে। তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ পাঁচটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে কর্মরত ডোম মোহাম্মদ মিলন শেখ জানান, পাঁচজনেরই মৃত্যু হয়েছে মাথায় আঘাত লেগে।

সর্বশেষ সর্বাধিক পঠিত