বগুড়ার নন্দীগ্রামে হযরত আলী (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম সোনার পাড়া এ ঘটনা ঘটে।
বৃদ্ধ আলী দাসগ্রাম সোনারপাড়ার মৃত আফজালের ছেলে। বিকেলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রামবাসীরা জানান, বেশ কিছুদিন ধরে পরিবারের সাথে ঝগড়া চলছিল আলীর। প্রতিদিনের মতো শনিবার (১৩ এপ্রিল) রাতেও ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে তাকে পাওয়া যায়নি। পর দিন সকালে বাড়ির দক্ষিণ পার্শ্বে সজিনা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনেছি। বিষয়টি দুঃখজনক।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেইন বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।