পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সাত দিনের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর।
আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরটিতে ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়।
বন্দর সূত্র জানায়, গত ০৮ এপ্রিল সকাল থেকে টানা সাত দিনের বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাথে ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, উভয় দেশের ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার মাধ্যমে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সাত দিন বন্ধ ছিল স্থলবন্দরের কার্যক্রম। তবে এর আগে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সোমবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সকলের মতামত ও সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার সকাল থেকে এ বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি রপ্তানি শুরু করা হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, ভুটান, নেপাল এর বিভিন্ন প্রকার পন্য আমদানি-রপ্তানি হয়। ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে সোমবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট (আইপিসি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ এবং নববর্ষ উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতসহ চার দেশের ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
