শিক্ষামন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পিএম

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার মামলার ধার্য তারিখে অভিযোগপত্র আমলে নিয়ে নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবীর।

সাইবার ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের সমাবেশ ডেকে সরকারসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’র বিরুদ্ধে আসামি ‘ছাত্রলীগ ও যুবলীগকে গুণ্ডালীগ’বলে আখ্যায়িত করেছেন। এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে ‘কুরুচিপূর্ণ’মন্তব্য করার অভিযোগে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করা হয়েছিল।

পরে ২০২২ সালের ১৪ জুন একই ট্রাইব্যুনালের মামলাটি দায়ের করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষামন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে গত ৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত