ফর্ম না থাকায় ম্যাক্সওয়েল নিজেই সরে দাঁড়ালেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ পিএম

এবারের আইপিএলে শুরুটা ভালো হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। তার পারফরম্যান্সের যা অবস্থা, তাতে বাদ পড়াটাও খুবই স্বাভাবিক। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশে গ্লেন ম্যাক্সওয়েলের না থাকাটা তাই বিস্ময় জাগায়নি।

তবে ম্যাচের পর অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান জানান, তিনি নিজেই দলকে বলেছেন তার বদলে অন্য কাউকে নিতে।

চলতি আইপিএলে ৬ ম্যাচ খেলে বল হাতে চারটি উইকেট নিয়েছেন। কিন্তু তার মূল কাজ তো ব্যাটিং। সেখানে ব্যর্থ এই অস্ট্রেলিয়ান। ছয় ইনিংসে করেছেন মাত্র ৩২ রান। এর মধ্যে এক ম্যাচেই করেছেন ১৯ বলে ২৮ রান। পাঁচ বলের বেশি খেলতে পেরেছেন কেবল ওই ম্যাচেই।

ম্যাক্সওয়েল জানালেন, শারীরিক ও মানসিকভাবে চাঙা হতে আপাতত টুর্নামেন্ট থেকে বিরতি নিচ্ছেন তিনি। 'ব্যক্তিগতভাবে আমার জন্য সিদ্ধান্তটি ছিল বেশ সহজ। আগের ম্যাচের পর ফাফ (ডু প্লেসি) ও কোচদের কাছে গিয়ে বলেছি যে, আমার বদলে অন্য কাউকে খেলানোর সময় হয়েছে। এর আগেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি আমি। তখন খেলতে থেকে নিজেকে আরও ডুবিয়েছি। আমার মনে হয়েছে, নিজেকে শারীরিক ও মানসিকভাবে একটু বিরতি দেওয়ার উপযুক্ত সময় এখনই, শরীরটাকে যেন ঠিকঠাক করতে পারি।'

আপাতত বিশ্রামে গেলেও টুর্নামেন্টের কোন পর্যায়ে প্রয়োজন পরলে ফিরবেন তিনি। ম্যাক্সওয়েল বলেন, 'টুর্নামেন্টের কোনো একটা পর্যায়ে যদি প্রয়োজন পড়ে আমাকে, আশা করি দারুণ মানসিক ও শারীরিক অবস্থা নিয়ে ফিরতে পারব, তখনও প্রভাব রাখার মতো কিছু করতে পারব।'

দলে তার যে ভূমিকা, তার কাছে যে প্রত্যাশা, তা পূরণ করতে পারছেন না অনুভব করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ম্যাক্সওয়েল। 'পাওয়ার প্লের ঠিক পরই বড় একটি ঘাটতির জায়গা দেখা দিয়েছে আমাদের দলে। গত দুই মৌসুমে আমার শক্তির জায়গা ছিল এটিই। কিন্তু আমার মনে হয়েছে, এবার এখানে ব্যাট হাতে ইতিবাচক অবদান রাখতে পারছি না।'

এই টুর্নামেন্টের আগে টি-টোয়েন্টিতে ফর্মে ছিলেন ম্যাক্সওয়েল। গেল নভেম্বর থেকে এবারের আইপিএলের আগ পর্যন্ত ১৭ ম্যাচে ৫৫২ রান করেছেন তিনি। ৪২.৪৬ গড় ও ১৮৫.৮৫ স্ট্রাইক রেট।

দারুণ ফর্ম নিয়ে আসা ম্যাক্সওয়েল এবার আইপিএলের শুরুটা করেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে। আরও দুই ম্যাচে শূন্য রানে ফেরেন তিনি।

হায়দরাবাদ ও বেঙ্গালুরুর ৫৪৯ রানের ম্যাচে রেকর্ড হয়েছে বেশ কিছু। এমন ব্যাটিং স্বর্গে ব্যাট করতে না পারা নিয়ে ম্যাক্সওয়েল বলেন, 'পাওয়ার প্লের সময়ই খেয়াল করেছি, প্রথম কয়ে ম্যাচে যেরকম ছিল, সেরকম মন্থর ও দুই-রকম গতির উইকেট নয় এটি। তখন মনে হলো, এই ম্যাচেই বাইরে থাকাটা বাজে হলো হয়তো। এ দিন ব্যাট করতে পারলে ভালো হতো।'

আইপিএল ২০২০ আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১১ ইনিংসে মোট ১০৮ রান করেছিলেন ম্যাক্সওয়েল। এবারের সঙ্গে ২০২০ এর প্রেক্ষাপট মেলাতে চান না ম্যাক্সওয়েল। জানালেন সেবার আসলে বোলার হিসেবেই খেলেছিলেন তিনি।

ম্যাক্সেওয়েল বলেন, 'এই বছরের চিত্র ছিল ভিন্ন। ওই সময় আমাকে যা কষ্ট দিচ্ছিল, তা হলো, খুব ভালো বোলিং করছিলাম আমি। মূলত বোলার হিসেবেই খেলছিলাম আমি, যে কি না শেষ দিকে একটু ব্যাটিং করে।'

সেই সময়ও ম্যাক্সওয়েল তার জায়গায় ভালো কোন বোলার খেলাতে বলেছিলেন পাঞ্জাব ম্যানেজমেন্টকে। 'কিংস ইলেভেনের ম্যানেজমেন্টকে বলেছিলাম, আমার জায়গায় বিদেশি কোনো বোলারকে খেলাতে পারেন আপনারা। কিন্তু সমস্যা হলো, ভালো কোনো অফ স্পিনারও ছিল না দলে।'

আপাতত বিরতি নিলেও আবার টুর্নামেন্টে ফিরে এসে ভালো কিছু করার প্রত্যাশা ঠিকই রাখছেন ম্যাক্সওয়েল। 'দুর্ভাগ্যজনকভাবে, ভালো ফর্মে থাকার পরও প্রত্যাশিত রান এলো না। গত ছয় মাসে যে ধরনের পারফরম্যান্স করে এসেছি, মনে হয় না এতটা ভালো সময় কখনও ছিল আমার। এভাবে শেষ হওয়াটা হতাশাজনক। তবে শরীর ও মনকে যদি ঠিক জায়গায় আনতে পারি, আরেকটা সুযোগ পেলে টুর্নামেন্ট ভালোভাবে শেষ করতে না পারার কোনো কারণ দেখছি না।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত