ইসরায়েলি জাহাজে আটক দুই পাকিস্তানিকে মুক্তি দিল ইরান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম

ইসরায়েলি জাহাজে আটক দুই পাকিস্তানি নাগরিককে দেশে ফেরার অনুমতি দিয়েছে ইরান সরকার। মঙ্গলবার (১৬ এপ্রিল) কূটনৈতিক সূত্রগুলো পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি দুই পাকিস্তানির মুক্তির আশ্বাস দেন।

গত শনিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডোরা হরমুজ প্রণালীর কাছে ইসরায়েল সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজ জব্দ করে। জাহাজটিতে ২৫ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে দুইজন পাকিস্তানি। তাদের মধ্যে একজনের পরিবার পাকিস্তান সরকারের কাছে সাহায্য চাওয়ার পর এ ঘটনা ঘটল।

উল্লেখ্য, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার ঘটনায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাহাজটি আটক করে ইরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত