সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপসহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন।
এর আগে বৃহস্পতিবার বিকেল সন্ধ্যায় আশুলিয়ার কুঁরগাও এলাকায় শামসুদ্দিনের মালিকানাধীন ৫ তলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটটি তামিম ইলেক্ট্রনিক্স নামে একটি দোকানের গোডাউন হিসেবে ব্যবহৃত হত।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধরা হলেন— পাবনা জেলার রাজনারায়ণপুর গ্রামের মতিন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। তিনি তামিম ইলেকট্রনিকসের ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং ওই বাড়ির ভাড়াটিয়া মাজেদা বেগম (৫৫)।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে জিরাব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ ঘটনায় আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
দগ্ধ সুমনের ভাই সুজন মোল্লা বলেন, চিকিৎসকরা জানিয়েছেন আমার ভাইয়ের শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। আর ওই নারীর কী অবস্থা জানি না। আমার ধারণা তার অবস্থা আরও খারাপ।
তামিম ফার্নিচারের মালিক রাকিবুল ইসলাম বলেন, ওই ফ্ল্যাটে কোনো সিলিন্ডার ছিল না। ফ্ল্যাটে আমার প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন কোনো কাজে গিয়েছিল, তখন আগুনের ঘটনা ঘটে। এছাড়া আহত নারী সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আহত হয়েছেন বলে শুনেছি। ৩ রুমের ওই ফ্ল্যাটে কিছু কিচেন র্যাক আর ম্যাট্রেস রাখা ছিল।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপসহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আমরা অল্প আগুন পেয়েছি। সেটুকুই নির্বাপণ করা হয়েছে। আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ফলে এ আগুনের ঘটনা ঘটেছে।
