বেঙ্গালুরু কেন আইপিএল জেতে না খোলাসা করলেন উথাপ্পা

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

সেই প্রথম মৌসুম থেকে এখন পর্যন্ত ১৬ বছর পাড়ি দিয়ে ১৭তম মৌসুম চলমান। বিরাট কোহলির মতো মহাতারকা দলে থাকা সত্ত্বেও কখনো আইপিএল শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কর্ণাটকের স্থানীয় ভারতীয় দলের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা এবার খোলাসা করলেন কেন আরসিবি আইপিএল জিততে পারে না।

ভারতীয় ইউটিউব চ্যানেল টিআরএস পডকাস্টে উথাপ্পা বলেন, ‘ঘরের মাঠের সুবিধা নিতে বরাবরই ব্যর্থ হয় বেঙ্গালুরু।’ এম চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের সবচেয়ে উচুতে অবস্থিত মাঠগুলোর একটি। এই সুবিধা নিতেই ব্যর্থ হয় আরসিবি। উথাপ্পা বলেন, ‘বেঙ্গালুরু তাদের ঘরের মাঠে এমন কন্ডিশনের পিচ বানায় যাতে সফরকারীরা এসে সুবিধা পায়। অথচ প্লে-অফ খেলার সহজ সমীকরণ হলো আপনাকে ঘরের মাঠে ৭ ম্যাচের ৫টি জিততে হবে। বাইরে গিয়ে আর ৪টা ম্যাচ জিততে হবে।’

১৭ বছরের যাত্রা বিরাট কোহলির পর বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটারদের যথাযথ মূল্যায়ন না করাও আরসিবির শিরোপাখরার পেছনের কারণ বলে মনে করেন উথাপ্পা। বলেন, ‘লোকেশ রাহুল, মনিষ পান্ডে, যুজেন্দ্র চাহাল, করুণ নায়ার, মায়াঙ্ক আগারওয়াল, দেবদূত পাড়িক্কালের মতো তরুণ প্রতিভাদের তারা ছেড়ে দিয়েছে।’

নিজেদের মাঠকে রান আটকে রাখার উপযোগী হিসেবে গড়ার পরামর্শও দেন রবিন উথাপ্পা। এছাড়া দলের ক্রিকেটীয় সংস্কৃতির পেছনে জোর দেওয়ার কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত