আরও একটি এফএ কাপ ফাইনালে যেতে প্রস্তুত রেড ডেভিলরা

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম

এফএ কাপের সেমিফাইনালে ওয়েম্বলিতে আজ রাত সাড়ে ৮টায় কভেন্ট্রি সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে জয় পেলেই সবচেয়ে বেশি ২২তম বার এফএ কাপের ফাইনালে ওঠা হবে রেড ডেভিলদের।

২০১৬ সালে সবশেষ এফএ কাপ ট্রফি জিতেছিল ম্যানইউ। গতবারও খেলেছিল ফাইনালে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ১-২ গোলে হেরে যায় তারা। এবার তার বদলা নেওয়ার সুযোগও রয়েছে লিগে সপ্তম অবস্থানে থাকা ম্যানইউর।

এফএ কাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে আর্সেনালের। সেই রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড। সবচেয়ে বেশি ফাইনালও খেলেছে গানাররা। আজ অপেক্ষাকৃত দুর্বল কভেন্ট্রিকে হারালে আর্সেনালকে টপকে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার রেকর্ড গড়বে ম্যানইউ।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডেভিল তাবুতে রয়েছে পুরনো ইনজুরি সমস্যা। অ্যান্টনি মার্শাল, ম্যালাসিয়া, লুক শ, লিসেন্দ্রো মার্টিনেজ, রাফায়েল ভারানরা থাকবেন মাঠের বাইরে। তবে আলেহান্দ্রো গারনাচো, মার্কাস র‌্যাশফোর্ডরা খেলবেন শুরু থেকেই।

প্রতিপক্ষ দুর্বল বলে কিছুটা নির্ভার থাকতে পারেন কোচ। কারণ এখন পর্যন্ত কভেন্ট্রির বিপক্ষে ১৫ বারের দেখায় রেড ডেভিলদের জয় ১৩টি। তবে প্রথমবার এফএ কাপে দুই দল মুখোমুখি হচ্ছে। এর আগে একবার সেমিফাইনাল খেলেছিল কভেন্ট্রি। সেবার ফাইনালে গিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। তাই দুর্বল প্রতিপক্ষ হলেও সতর্ক থাকতে হবে রেড ডেভিলদের ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত